চীন তার বিস্তৃত শিক্ষা ব্যবস্থা, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং আন্তর্জাতিক সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে, কিন্তু চীনে প্রবেশের জন্য প্রয়োজন সঠিক ভিসা ক্যাটাগরি সম্পর্কে সুস্পষ্ট ধারণা। চীনের ভিসা কাঠামো বহুমুখী যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, কর্মী, গবেষক, পরিবার বা পর্যটক প্রতিটি শ্রেণির জন্য আলাদা শর্ত, নথি এবং নিয়মানুযায়ী প্রক্রিয়া রয়েছে।
X1 Visa
X1 ভিসা মূলত দীর্ঘমেয়াদী পড়াশোনা, ডিগ্রি প্রোগ্রাম, ছয় মাসের বেশি সময়ের ভাষা কোর্স বা গবেষণার জন্য প্রদান করা হয়। এটি প্রথমে ৩০ দিনের এন্ট্রি ভিসা হিসেবে ইস্যু হয় এবং চীনে পৌঁছানোর পর নির্দিষ্ট সময়ের ভিতরে রেসিডেন্স পারমিট করতে হয়, যা সাধারণত এক বছর করে নবায়নযোগ্য। এই প্রক্রিয়ায় লাগবে JW201/JW202 ফর্ম, অ্যাডমিশন লেটার, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, ফান্ড প্রুফ, এমনকি কিছু ক্ষেত্রে HSK স্কোরও প্রয়োজন হয়।
X2 Visa
অন্যদিকে X2 ভিসা প্রদান করা হয় স্বল্পমেয়াদী কোর্স বা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য, যা সাধারণত কোর্সের নির্ধারিত সময় পর্যন্ত বৈধ থাকে এবং মাল্টিপল এন্ট্রি দেওয়া হলেও রেসিডেন্স পারমিট করার প্রয়োজন হয় না। শিক্ষার্থীদের জন্য চীনে কাজের সুযোগ বেশ নিয়ন্ত্রিত যেখানে ক্যাম্পাসে পার্টটাইম কাজ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসাপেক্ষে সপ্তাহে শিক্ষার্থীর ধরন অনুযায়ী ২০ থেকে ৪০ ঘণ্টা পর্যন্ত করা যায়। ইন্টার্নশিপ করতে চাইলে বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যৌথ অনুমোদন লাগে, বিশেষ করে যদি ইন্টার্নশিপের ক্ষেত্রটি শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
পড়াশোনা শেষে চীনে কাজের সুযোগও রয়েছে এ ক্ষেত্রে শিক্ষার্থীকে প্রথমে একটি প্রতিষ্ঠান থেকে অফার লেটার সংগ্রহ করতে হয়, এরপর X ভিসা পরিবর্তন করে Z ভিসা এবং তারপর ওয়ার্ক পারমিট করতে হয়; চীনের নতুন নীতিমালা অনুযায়ী স্নাতকদের জন্য ‘‘Post-Study Work’’ সুবিধা এখন আরও সহজ হয়েছে এবং অনেক শহরই বিদেশি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।
Z Visa
চীনে যারা চাকরির উদ্দেশ্যে যাচ্ছেন তাদের জন্য Z ভিসা হলো বাধ্যতামূলক কাজের ভিসা, যা পেতে হলে আগে চীনের কোনো কোম্পানিতে নিয়োগ নিশ্চিত করতে হয়। নিয়োগকর্তা চীনের মানবসম্পদ ব্যুরোতে বিদেশি কর্মীর Work Permit Notice এর জন্য আবেদন করে এবং অনুমোদন পাওয়ার পর বাংলাদেশে থাকা আবেদনকারীকে Z ভিসার জন্য আবেদন করতে হয়। Z ভিসা পাওয়ার পরে চীনে প্রবেশ করলে ৩০ দিনের মধ্যে রেসিডেন্স পারমিট বাধ্যতামূলক। কাজের ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণত দুই বছরের কাজের অভিজ্ঞতা, স্নাতক ডিগ্রি, বৈধ কাজের চুক্তি, এবং স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য যদিও উচ্চ দক্ষতা সম্পন্ন বা বিশেষায়িত ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল হতে পারে।
M Visa
ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রমের উদ্দেশ্যে M ভিসা দেওয়া হয়, যা সাধারণত ৩–১২ মাস মেয়াদে সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি হতে পারে। এ জন্য লাগে চীনা কোম্পানির আমন্ত্রণপত্র, বাংলাদেশি কোম্পানির ব্যবসায়িক পরিচিতি, এবং পরিকল্পিত বাণিজ্য কার্যক্রমের নথি।
Q , S Visa
যারা পরিবার পরিদর্শন বা পরিবারসহ দীর্ঘমেয়াদী বসবাস করতে চান তাদের জন্য রয়েছে Q1/Q2 এবং S1/S2 ভিসা যার মধ্যে Q সিরিজ চীনা নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবারের জন্য, এবং S সিরিজ বিদেশি কর্মী বা শিক্ষার্থীর পরিবারের জন্য দেওয়া হয়। উচ্চ দক্ষ আন্তর্জাতিক প্রতিভাদের জন্য রয়েছে R ভিসা, যেখানে প্রক্রিয়া দ্রুত এবং নথির পরিমাণ কম।
K Visa
K ভিসা হচ্ছে চীনের একদম নতুন ধরনের ট্যালেন্ট ভিসা।এটা মূলত আনা হয়েছে বিদেশি মেধাবী মানুষ, বিশেষ করে STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের লোকদের জন্য। এটা হচ্ছে চীনের version of US H-1B, কিন্তু কিছু জায়গায় আরও ফ্লেক্সিবল। এটির ঘোষণা এসেছে ২০২৫ সালের শেষ দিকে, আর ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হচ্ছে।
বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন যেমন চীনের CSC Scholarship পাওয়া শিক্ষার্থীরা ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার পান, কারণ তাদের নথিতে চীনা সরকারের অনুমোদন সরাসরি যুক্ত থাকে। ঢাকার চীনা দূতাবাস বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন করতে হয়, এবং সাধারণত ৪–৭ কার্যদিবস সময় লাগে। ভিসা ফি ভিসার ধরন ও এন্ট্রির সংখ্যার উপর নির্ভর করে ১০,০০০–৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যবীমা সব বিদেশি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, আর্থিক প্রমাণ হিসেবে অন্তত ৬–১২ মাসের খরচ দেখাতে হয়, এবং চীনে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে রেজিস্ট্রেশন না করলে শাস্তির মুখোমুখি হতে হতে পারে। ভিসা পরিবর্তনের ক্ষেত্রে যেমন X থেকে Z–তে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়ের NOC লাগে।
আবার M বা L ভিসা থেকে X/Z–এ রূপান্তরের ক্ষেত্রে সাধারণত চীনের বাইরে গিয়ে নতুন ভিসা নিতে হয়। অনেক আবেদনকারী ভুল করে যে কাজটি করেন তা হলো জাল ব্যাঙ্ক স্টেটমেন্ট, জাল অ্যাডমিশন লেটার বা মিথ্যা কাজের অভিজ্ঞতা প্রদান করা যা ধরা পড়লে আজীবনের জন্য চীনে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। তাছাড়া স্টুডেন্ট ভিসায় ফুল-টাইম কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং অনেকেই এ নিয়ম লঙ্ঘন করে সমস্যায় পড়েন।
সবশেষে, চীনে ভিসা আবেদন বা ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো ঢাকার চীনা দূতাবাস, চীনা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এবং CSC–এর অফিসিয়াল ওয়েবসাইট। সঠিক নথি, সঠিক তথ্য এবং সঠিক প্রস্তুতি থাকলে চীনের ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ হয়ে যায় এবং বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য চীন একটি সফল ক্যারিয়ার গড়ার বাস্তব সুযোগ তৈরি করে দেয়। চীনে পড়াশোনা বা কাজ করতে আগ্রহী প্রত্যেককে পরামর্শ দেওয়া হয় যেন তারা বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করেন এবং কোনো ভিসা এজেন্ট ব্যবহার করলে অনলাইনে ভেরিফাই করে নেন, যাতে প্রতারণা বা ভুল প্রক্রিয়ায় সময় ও অর্থ নষ্ট না হয়।
এক নজরে চীনের ভিসা ক্যাটাগরি
| ভিসা টাইপ | উদ্দেশ্য | মেয়াদ | যাদের জন্য | প্রয়োজনীয় কাগজপত্র | বিশেষ নোট |
|---|---|---|---|---|---|
| X1 (Long-term Study) | দীর্ঘমেয়াদী ডিগ্রি/কোর্স (৬ মাস+) | এন্ট্রি ভিসা ৩০ দিন → রেসিডেন্স পারমিট | বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী | JW201/202, Admission Letter, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, ফান্ড প্রুফ | চীনে গিয়ে রেসিডেন্স পারমিট বাধ্যতামূলক |
| X2 (Short-term Study) | স্বল্পমেয়াদী কোর্স, ৬ মাসের নিচে | কোর্স অনুযায়ী | স্বল্পমেয়াদী শিক্ষার্থী | Admission Letter | রেসিডেন্স পারমিট লাগে না |
| Z (Work Visa) | চাকরি ও কর্মসংস্থান | এন্ট্রি ভিসা ৩০ দিন → রেসিডেন্স পারমিট | বিদেশি কর্মী | Work Permit Notice, চাকরির চুক্তি, ডিগ্রি, অভিজ্ঞতা | চীনে গিয়ে রেসিডেন্স পারমিট করতে হবে |
| M (Business) | বাণিজ্য, ব্যবসায়িক মিটিং, ইভেন্ট | ৩–১২ মাস | ব্যবসায়ী/ট্রেডার | আমন্ত্রণপত্র, বাংলাদেশি কোম্পানি প্রোফাইল | মাল্টিপল এন্ট্রি পাওয়া যায় |
| L (Tourist) | পর্যটন ও ভ্রমণ | ৩০–৯০ দিন | ভ্রমণপ্রেমী | হোটেল বুকিং, ট্রাভেল প্ল্যান | সহজ প্রক্রিয়া |
| Q1 (Family Reunion Long-term) | চীনা নাগরিক/PR এর পরিবার | ৩০ দিন এন্ট্রি → রেসিডেন্স পারমিট | পরিবার সদস্য | আমন্ত্রণপত্র, সম্পর্ক প্রমাণ | দীর্ঘমেয়াদী বসবাস |
| Q2 (Short-term Family Visit) | স্বল্পমেয়াদী পরিবার পরিদর্শন | ৩০–৯০ দিন | পরিবার | আমন্ত্রণপত্র | মাল্টিপল এন্ট্রি হতে পারে |
| S1 (Long-term Personal Affairs) | বিদেশি কর্মী/শিক্ষার্থীর পরিবার | ৩০ দিন এন্ট্রি → রেসিডেন্স পারমিট | Spouse/Parents | আমন্ত্রণপত্র, সম্পর্ক প্রমাণ | দীর্ঘমেয়াদী থাকা যায় |
| S2 (Short-term Visit) | পরিবার পরিদর্শন, ব্যক্তিগত কাজ | ৩০–১৮০ দিন | পরিবার/পরিদর্শনকারী | আমন্ত্রণপত্র | সবচেয়ে ফ্লেক্সিবল ভিসা |
| R (Talent Visa) | উচ্চ দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞ | বিশেষ সুবিধা | গবেষক/বিশেষজ্ঞ | প্রমাণপত্র, আমন্ত্রণপত্র | দ্রুত প্রসেস, কম কাগজপত্র |
| G (Transit) | ট্রানজিট ভ্রমণ | ৭ দিন পর্যন্ত | ট্রানজিট যাত্রী | পাসপোর্ট, টিকিট | চীনের নির্দিষ্ট শহরে ভিসা ছাড়ও আছে |
| F (Non-commercial Visit) | গবেষণা, লেকচার, একাডেমিক ভিজিট | সাধারণত ৩০–৯০ দিন | গবেষক/একাডেমিক | আমন্ত্রণপত্র | ব্যবসা নয়, একাডেমিক উদ্দেশ্য |
| D (Permanent Residence) | স্থায়ী বসবাস | ১০ বছর | বিশেষ অবদানকারী | সরকার অনুমোদন | খুব কঠিন প্রক্রিয়া |
বাংলাদেশি আবেদনকারীদের জন্য অতিরিক্ত সারসংক্ষেপ
| বিষয় | তথ্য |
|---|---|
| ভিসা আবেদন স্থান | চীনা দূতাবাস, ঢাকা / ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার |
| প্রসেসিং সময় | ৪–৭ কার্যদিবস |
| ভিসা ফি | ৬ ,০০০–৩০,০০০ টাকা (ধরনভেদে) |
| অবশ্যকীয় রেজিস্ট্রেশন | চীনে প্রবেশের ২৪ ঘন্টার ভিতরে পুলিশে রেজিস্ট্রেশন |
| সাধারণ ভুল | জাল নথি জমা → আজীবন ব্যান |